
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা এবং কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত দুটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আলমগীর, বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিখা রানী সরকার এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধ্যাপক ড. জে এ এম সকিল উর রহমান, ডুয়েটের অধ্যাপক নাসিম আখতার এবং সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহীদ সোহেল।
সংহিতা রায় ও অংকনা সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক ইকবাল আলী। এ সময় আরও বক্তব্য দেন সভাপতির শিক্ষক নিমাই চন্দ্র সরকার, আয়োজক কমিটির সদস্যসচিব ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আমির সাদাত এবং নওগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান।
গ্রন্থ উন্মোচন ও সংবর্ধনা:
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লেখক দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত ‘বিশ্বকবি: বিশ্বের বিস্ময়’ এবং ‘বাংলাভাষা ও ব্যাকরণের মেলবন্ধন’ নামক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন। অতিথিবৃন্দ বই দুটির মোড়ক উন্মোচন করেন এবং এর বিভিন্ন দিক তুলে ধরে লেখকের সাহিত্যকর্ম ও লেখনীর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী তাঁর শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অভিনন্দনপত্র পাঠ করা হয় এবং তা তাদের হাতে তুলে দেওয়া হয়।#