
সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধি: প্রায় ২২ লাখ মানুষের দ্বীপ জেলা ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আধুনিক আইসিইউ (ICU) ইউনিটটি গত পাঁচ বছর ধরে অচল ও তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। জনবল সংকটের কারণে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য শেষ ভরসা এখন বরিশাল বা ঢাকা।
পাঁচ বছর ধরে বন্ধ আইসিইউ ইউনিট:
খোঁজ নিয়ে জানা যায়, করোনা মহামারির সময় কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) থেকে দুটি আইসিইউ বেড, পাঁচটি ভেন্টিলেটর, সাতটি অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু বিশেষায়িত চিকিৎসক, অ্যানেসথেটিস্ট, প্রশিক্ষিত নার্স ও টেকনোলজিস্টের মতো প্রয়োজনীয় জনবল না থাকায় আজও ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় তালাবদ্ধ আইসিইউ ইউনিটের বেড ও যন্ত্রপাতির ওপর ধুলাবালি জমেছে। দীর্ঘসময় ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে কোটি টাকার এসব আধুনিক সরঞ্জাম কার্যকারিতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।
ঝুঁকিতে সাধারণ রোগীরা:
হাসপাতালটিতে হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট বা সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা প্রতিদিন এলেও আইসিইউ না থাকায় তাদের বাধ্য হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বা ঢাকায় রেফার করা হচ্ছে। সময়মতো আইসিইউ সুবিধা না পাওয়ায় অনেক রোগীর পথেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে। ভুক্তভোগী রোগীদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, সংকটাপন্ন অবস্থায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য জেলায় রোগী স্থানান্তর করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।
কর্তৃপক্ষের বক্তব্য:
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, ২০২১ সালে আইসিইউ সরঞ্জাম পাওয়ার পর থেকেই জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে দ্রুত সেবাটি চালু করা সম্ভব হবে। জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. কায়ছার আলমও জানান, প্রতিদিন আইসিইউ প্রয়োজন এমন রোগী আসলেও ইউনিট চালু না থাকায় তাদের অন্যত্র পাঠাতে বাধ্য হতে হচ্ছে।
ভোলা জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. শরীফ আহমেদ এবং সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান উভয়েই জনবল সংকটকে মূল বাধা হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, শুধু যন্ত্রপাতি থাকলেই আইসিইউ চলে না; এর জন্য কার্ডিওলজি ইউনিট, সিসিইউ, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে পূর্ণাঙ্গ সেবা কাঠামো গড়ে তুলতে হবে।
দ্বীপ জেলা হওয়ায় সন্ধ্যার পর জরুরি পরিস্থিতিতে রোগীদের অন্যত্র পাঠানো অত্যন্ত দুরূহ। তাই অতি দ্রুত প্রয়োজনীয় জনবল ও কারিগরি সহায়তা নিশ্চিত করে ভোলাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আইসিইউ সেবা চালুর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।#