
মো: সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মনসুর ধুল্যা এলাকায় মহাসড়কের পাশে এই ওষুধগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনসুর ধুল্যা এলাকায় মহাসড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ওষুধের প্যাকেট পথচারীদের নজরে আসে। কাছে গিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায়, সেগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। তবে এসব ওষুধ সরকারি কোনো হাসপাতালের, নাকি কোনো ফার্মেসি বা সরবরাহকারী প্রতিষ্ঠানের—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ক্ষোভ ও পরিবেশের ঝুঁকি:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে সরকারি হাসপাতালে সাধারণ রোগীরা সঠিক সময়ে প্রয়োজনীয় ওষুধ পান না, অন্যদিকে এভাবে খোলা স্থানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়া ওষুধ সংরক্ষণ ও ব্যবস্থাপনার চরম অবহেলাকে নির্দেশ করে।
তারা আরও জানান, যত্রতত্র মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ওষুধ ফেলে রাখায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু কিংবা গবাদিপশু এসব ওষুধের সংস্পর্শে এলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানান তারা।
কর্তৃপক্ষের বক্তব্য:
এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান,
“আমাদের হাসপাতালে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। মহাসড়কের পাশে কারা এসব ওষুধ ফেলে গেছে, সে বিষয়ে আমরা অবগত নই। তবে বিষয়টি জানার পর হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে মহাসড়কের পাশে আবারও ওষুধ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।#