
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি: ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জ-এর কারিগরি সহযোগিতায় এবং বেডস (BEDS)-এর বাস্তবায়নে দেবহাটা উপজেলায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ও বনায়নের কর্মসূচি পালিত হয়েছে। দেবহাটা উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতি লিঃ-এর আয়োজনে রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সচেতনতামূলক একটি র্যালি সখিপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বেডস-এর মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাজেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনূস আলী, সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী, পারুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাদিপুর আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জব্বার আলী, পারুলিয়া আহসানিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইউনূস আলী এবং পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও দেবহাটা উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা তথা কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের লক্ষ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার ১০টি প্রতিষ্ঠানে মোট ২৫০টি (প্রতি প্রতিষ্ঠানে ২৫টি করে) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।#