
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া বরই বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বরই বাজারে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—মো. কামাল উদ্দিন, মো. কেতাব উদ্দিন ও নবাব আলীর পেট্রোল ও হার্ডওয়্যারের তিনটি দোকান। আগুনে দোকানগুলোর বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের কর্মীদের সময়োপযোগী প্রচেষ্টায় প্রায় ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি পুরো বিষয়টি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলামকে অবহিত করা হয়েছে।#