
মো. আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রবাসী বিদেশ ফেরত কর্মীদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ঠাকুরগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর আয়োজনে ‘Recovery & Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returning Migrants Project’-এর আওতায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের “সুইং মেশিন অপারেশন” ও “ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স” ট্রেডে পরিচালিত বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁওয়ের কর্মকর্তা কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মো. আল আমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁওয়ের পরিচালক এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও টিটিসি’র চিফ ইন্সট্রাক্টর মো. সাদেকুল ইসলাম, “ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স” ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মো. মামুন উর রশিদ এবং “সুইং মেশিন অপারেশন” ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মো. মাসুদ করিম প্রমুখ।

বক্তারা বলেন, বিদেশ থেকে ফিরে আসা প্রবাসীরা যেন দেশে নিজেদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, সে লক্ষ্যেই সরকার ও সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর উদ্যোগে এবং RAISE প্রজেক্টের অর্থায়নে ঠাকুরগাঁও টিটিসি-তে ১ মাসব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ পরিচালিত হয়। এতে “সুইং মেশিন অপারেশন” ট্রেডে ১৫ জন এবং “ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স” ট্রেডে ১০ জনসহ মোট ২৫ জন প্রত্যাগত অভিবাসী কর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও বিদেশ ফেরতদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।#