
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম (৪৪), তাঁর বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভুটভুটিতে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ীরা। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভুটভুটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহত আটজনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#