
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
কাবাডির মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালীগঞ্জের শিক্ষার্থী জারিন তাসনিম। সম্প্রতি আয়োজিত জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করে সে এ সাফল্য অর্জন করে। জারিনের এই অভাবনীয় অর্জনে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
২০২৬ সালের এই প্রতিযোগিতায় মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী জারিন তাসনিম কাবাডি ইভেন্টে অংশ নিয়েছিল। ঢাকা শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সে নিজের অসাধারণ দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখে। টুর্নামেন্টের বিভিন্ন ধাপে দারুণ পারফরম্যান্স করে জারিন শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায়।
তার এই বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে জারিন তাসনিমের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন।
জারিন তাসনিমের চ্যাম্পিয়ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও শিক্ষকেরা তার এ অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে তার সাফল্য কামনা করেছেন।
নিজের অনুভূতির কথা জানিয়ে জারিন তাসনিম বলে, “জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন সুনাম বয়ে আনতে চাই।”
সংশ্লিষ্টদের মতে, জারিনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো এলাকার জন্য এক বিশাল গর্বের বিষয়।#