
মো. সাইফুল ইসলাম শান্ত (মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি): টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের মাত্র ৭ মাসের মাথায় তামান্না ইসলাম তরী (১৬) নামের এক কিশোরী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নোমানকে (রোমান) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তামান্না ইসলাম তরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মাস আগে পারিবারিকভাবে মধুপুর উপজেলার চাপারকোনা গ্রামের তুলা মিয়ার ছেলে মো. নোমানের (রোমান) সঙ্গে তরীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামী নোমান।
ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তরীকে নির্মমভাবে মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে মধ্যরাতে ঘরের ভেতরই তার মৃত্যু হয়। পরে ভোরে মরদেহ সরিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামী নোমানকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অভিযুক্ত নোমানকে হেফাজতে নেয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#