
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সামনেই কুষ্টিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
চেয়ার ছুড়াছুড়ি ও সভা স্থগিত
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে হট্টগোল ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা সভাস্থলের চেয়ার তুলে মারামারি শুরু করেন। এর ফলে বেশ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায় বিএনপির মতবিনিময় সভা। পরবর্তীতে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়।
নেতৃবৃন্দের বক্তব্য
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, “ছাত্রদলের কোনো পৃথক গ্রুপ নেই। কথা কাটাকাটির জেরেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি অভ্যন্তরীণভাবে সমাধানে কাজ চলছে।”
অন্যদিকে, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ জানান, “মিছিলের শ্লোগান দেওয়া নিয়ে নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণাৎ হস্তক্ষেপ করে বিষয়টি সমাধান করে দিয়েছেন। তবে ভালো বিষয় হলো, এই ঝামেলার কারণে আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে জেলা নেতৃবৃন্দের নির্ধারিত বৈঠকে কোনো বিঘ্ন ঘটেনি। অত্যন্ত সফলভাবে সভা সম্পন্ন হয়েছে।”
মতবিনিময় সভার তথ্য
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ মতবিনিময় সভা শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন:
কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু
সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিন
জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।#