
প্রতিবেদক (জিয়াউল কবীর): রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই যৌথ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।
অপরাধ পর্যালোচনা ও সিদ্ধান্তসমূহ
সভায় আগস্ট মাসে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধের ধরন, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি, গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলার বর্তমান অবস্থা এবং চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিচারে গতি আনতে দ্রুততম সময়ে মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট হস্তান্তরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ কমিশনারের দিকনির্দেশনা
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান অগ্রাধিকার। নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিত ও আরও জোরদার করতে হবে।”
তিনি দ্রুত কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিতে থানার অফিসারদের সততা, পেশাদারিত্ব ও আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের স্পষ্ট নির্দেশনা দেন।
অংশগ্রহণকারী সংস্থার পর্যবেক্ষণ
যৌথ সমন্বয় সভায় উপস্থিত সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা নগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। রাজশাহী মহিলা চেম্বার অব কমার্স ও ‘হোপ ব্রিজ ফাউন্ডেশন’-এর প্রতিনিধিরা নগরীর ইতিবাচক পরিবেশের কথা উল্লেখ করেন। অন্যদিকে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এবং পথচারীদের সচেতন করতে ‘ফেডারেশন অব এনজিও বাংলাদেশ’-এর পক্ষ থেকে লিফলেট ও ব্যানার বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো: আবুল কালাম সাহিদ এবং আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: গাজিউর রহমান, পিপিএম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও র্যাব-৫, বিজিবি ব্যাটালিয়ন-১, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চেম্বার অব কমার্স, ‘দিনের আলো হিজড়া সংঘ’ এবং ‘হোপ ব্রিজ ফাউন্ডেশন’-এর প্রতিনিধিরা সমন্বয় সভায় অংশ নেন।#