
মো. সাইফুল ইসলাম (শান্ত), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রী নামিয়ে ফেরার পথে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ইউসুফ মিয়া নামে এক চালককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকালে মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের কুষ্টিয়াপাড়া কবরস্থানের উত্তর পাশের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। অটোরিকশাচালক ইউসুফ যাত্রী নামিয়ে মির্জাপুরের দিকে যাওয়ার সময় স্থানীয় শুট মিয়া, সোহান মিয়া ও রায়হান মিয়াসহ অজ্ঞাতনামা ৩-৪ জন তার গতিরোধ করে। দুর্বৃত্তরা জোরপূর্বক গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এ সময় ইউসুফ বাধা দিলে প্রধান অভিযুক্ত শুট মিয়া তার হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে ইউসুফের মাথায় উপর্যুপরি কোপ দেয়। একই সঙ্গে সোহান মিয়াও চাইনিজ কুড়াল দিয়ে মাথার পেছনে আঘাত করে এবং রায়হান মিয়া লোহার রড দিয়ে তার পিঠে ও বুকে পিটিয়ে মারাত্মক জখম করে।
আহত চালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. ইউসুফ সিকদার বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।#