
ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, ‘স্কুল ডে’, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসবের শুভ সূচনা হয়েছে। শনিবার সেন্ট মাদার তেরেজা স্কুলের প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লা।
দিনাজপুর ধর্মপ্রদেশের ডিডি বিশপ ড. সেবাস্টিয়ান টুডু-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. রফিকুল ইসলাম — উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
পিকিং চাম্বুগং — এপি ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (ঠাকুরগাঁও)
ফাদার জসীম ফিলিপ মুর্মু — পাল পুরোহিত, ঠাকুরগাঁও মিশন
আসাদুজ্জামান আসাদ — সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা (ঠাকুরগাঁও জেলা শাখা)
সিস্টার স্বপ্না গমেজ (সিআইসি) — প্রধান শিক্ষক, সেন্ট মাদার তেরেজা স্কুল
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও আবদুস সালামসহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে বিজ্ঞান মেলার প্রদর্শনীর সূচনা করেন। পরবর্তীতে তারা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের গবেষণাধর্মী কাজে আরও বেশি মনোযোগী হওয়ার উৎসাহ দেন।
বিজ্ঞান মেলার পাশাপাশি পরিবেশিত হয় এক আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয়বস্তু ছিল—“জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতার মধ্যে কোনটি বেশি জনপ্রিয়?”।
পক্ষ ও বিপক্ষ দলের শাণিত যুক্তিতর্কের লড়াইয়ে পক্ষ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অসামান্য বক্তব্যের জন্য নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত মায়মুনা ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে উপস্থিত শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন (রবিবার) গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ নানা বিভাগের প্রতিযোগিতায় মুখরিত থাকবে।
অভিভাবক সমাবেশ ও সেরা অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।#