
বিশেষ প্রতিনিধি , পঞ্চগড়: আন্তর্জাতিক বাজারে বিনিয়োগবান্ধব অঞ্চল হিসেবে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছে পঞ্চগড়। জেলাটির দেবীগঞ্জ ইকোনমিক জোন এবং দীর্ঘদিন বন্ধ থাকা চিনিকল পরিদর্শনে এসেছে চীন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সিঙ্গাপুরের একটি উচ্চপর্যায়ের বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি দল।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে প্রতিনিধি দলটি এসব এলাকা ঘুরে দেখে।
অবকাঠামো ও বিনিয়োগ সম্ভাবনা পর্যবেক্ষণ পরিদর্শনকালে আন্তর্জাতিক এই বিনিয়োগকারী দলটি দেবীগঞ্জ ইকোনমিক জোন এবং বন্ধ থাকা চিনিকলের সার্বিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, জমির প্রাপ্যতা ও আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে বিনিয়োগ সুবিধা এবং প্রদেয় সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেন।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রতিনিধি দলকে দেবীগঞ্জ ইকোনমিক জোন ও চিনিকলের সার্বিক সুবিধাদি তুলে ধরে বলেন, “বিদেশি বিনিয়োগকারীদের এই সফরের মাধ্যমে পঞ্চগড়ে আন্তর্জাতিক বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে স্থানীয় অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।”
প্রতিনিধি দলে যারা ছিলেন পরিদর্শনকারী এই যৌথ প্রতিনিধি দলে ছিলেন:
চীন: জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, রিচটেকের সিইও শিয়াংহাই হান, জিয়ানজুন সান ও ইংজি ঝু।
সিঙ্গাপুর: চুয়া সিন তাত (কাই শেংদা)।
বাংলাদেশি প্রতিনিধি: মো. সেরাজুস সালেকিন, মো. মাহফুজুর রহমান, সুলতান মেহেদী রহিম এবং মো. এমদাদ হোসাইন।
পঞ্চগড়ে এই বিশ্বমানের উদ্যোক্তাদের সরাসরি পরিদর্শনের ফলে উত্তরাঞ্চলের শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয় অর্থনীতিবিদরা।#