
বিশেষ প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করা, সড়কের খানাখন্দ মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই উন্নয়ন কাজগুলো পরিদর্শন ও সার্বিক পর্যালোচনা করেন।
নগরবাসীর দুর্ভোগ লাঘবে জরুরি নির্দেশনা
পরিদর্শনকালে রাসিক প্রশাসক ফ্লাইওভারের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে প্রকৌশলীদের কঠোর নির্দেশ দেন। এছাড়া, গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের সড়কে যানচলাচল স্বাভাবিক করতে দ্রুত খানাখন্দ মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নতির তাগিদ দেন।

রাসিক প্রশাসক জানান:
দীর্ঘদিন স্থবির হয়ে থাকা ৩টি ফ্লাইওভারের নির্মাণ কাজ দ্রুততম সময়ে শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে নাগরিক সেবা সুনিশ্চিত করতে রাসিক নিরলসভাবে কাজ করছে।
উন্নয়ন কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসিক প্রশাসক ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই নির্দেশনার আলোকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একযোগে ডেঙ্গু নিরসন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি
পরিদর্শনকালে রাসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন:
আহম্মেদ হোসেন মাসুম – জিএম, রেলওয়ে পশ্চিমাঞ্চল
খায়রুল বাকের – তত্বাবধায়ক প্রকৌশলী, রাসিক
নিলুফার ইয়াসমিন – নির্বাহী প্রকৌশলী, রাসিক সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ।#