
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংসদ সদস্য ফজলুল হক মিলন কালীগঞ্জের উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে হলে মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে হবে। বিশেষ করে উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্বাস্থ্য ও শিক্ষার আধুনিকায়ন কালীগঞ্জের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং চিকিৎসাসেবা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণেও জোর দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে নতুন প্রজন্মকে দেশের উন্নয়নে উপযোগী করার পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।
যোগাযোগ ব্যবস্থা ও নতুন কর্মসংস্থান উপজেলা শহর ও গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও নিরাপদ করার ওপর গুরুত্বারোপ করে এমপি মিলন বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন ও গ্রামীণ রাস্তা সংস্কার করা গেলে ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে নতুন গতি আসবে।
যুব সমাজকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নতুন শিল্প ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টির মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, “জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মানবিক, আধুনিক ও উন্নত কালীগঞ্জ গড়ে তোলাই আমার স্বপ্ন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#