
আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। রোববার (রবিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি ও সোনামসজিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হয়। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ ও নাকিব হাসান তরফদার, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী উপস্থিত ছিলেন।#