
নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গুলিবিদ্ধ করার ঘটনার প্রেক্ষিতে সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি কর্তৃক বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি ব্যাগ মোটরসাইকেল থেকে পড়ে গেলে টহল দল তা উদ্ধার করে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।#