
মেহেরুল ইসলাম মোহন (লালপুর, নাটোর): নাটোরের লালপুরে পুলিশি অভিযানে ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল ও একটি মোটরসাইকেলসহ রনি আহম্মেদ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে লালপুর থানাধীন ১ নং লালপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে অবস্থিত সাজদার শাহ্-এর চা স্টলের সামনে পুলিশি চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রনি নাটোর জেলার লালপুর থানার গৌরীপুর গ্রামের হাবিবুর রহমান হাবুল ও রুমা বেগমের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ১০ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক)/৩৮ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ রেকর্ডে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯ সালের একটি মাদক মামলা এবং ২০২৫ সালের লালপুর থানার একটি ফৌজদারি অপরাধের মামলায় (যাতে ২০২৬ সালে চার্জশিট প্রদান করা হয়) সে এজাহারনামীয় অভিযুক্ত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#