
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই এবং এ ঘটনায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি ও ভাঙচুর হওয়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে বসবাস করে। কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে উসকানিমূলকভাবে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। যারা এই কাজ করেছে, তারা মোটেও ঠিক করেনি। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।”
তিনি আরও জানান, ভাঙচুরের ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অকারণে যারা স্টেশনের সরকারি সম্পদে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মন্ত্রী স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। তিনি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ক্ষতিগ্রস্ত জিনিসপত্র, অপেক্ষাকক্ষ ও যাত্রী লাউঞ্জ পরিদর্শন করেন।
ঘটনার প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের প্রশাসকসহ বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি শান্ত করতে বেশ বেগ পেতে হয়।
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে চারজন কর্মচারীকে বরখাস্ত করেছে। অন্যদিকে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।#