
মো সাইফুল ইসলাম (শান্ত), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত রশিদ মিয়াকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়; অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলামের ছেলে।
মামলার এজাহার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ এপ্রিল ভুক্তভোগী শিশুটি পুকুরপাড়ে তার দাদিকে ডাকতে যায়। এ সময় প্রতিবেশী রশিদ মিয়া তাকে দাদির কাছে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এতে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে এবং ২০২৪ সালের ২২ ডিসেম্বর সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
এ ঘটনায় শিশুটি নিজে বাদী হয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালতের নির্দেশে মির্জাপুর থানায় মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয়। তদন্তের অংশ হিসেবে শিশুর নবজাতকের ডিএনএ পরীক্ষা করা হলে রশিদ মিয়ার পিতৃত্বের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
আদালতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে বিচারক এ রায় প্রদান করেন। মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম শামীমুল আক্তার।#