
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘুষির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঝন্টু (৫৮)। তার বাড়ি নিশ্চিতপুর গ্রামে। অভিযুক্ত কালামের বাড়িও একই গ্রামে। ঝন্টু মৃত মোজাহার হোসেনের ছেলে আর কালাম এরশাদ আলী প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি কট বন্দকের পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এসময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেওয়ালে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় শিক্ষক আলা উদ্দিন জানান, ঝন্টু আগে থেকেই অসুস্থ ছিল। শারীরিক কারণে চাপ সইতে পারে নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার থেকে মামলার কথা জানানো হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্তের জন্য শনিবার বিকেলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেওয়া হয়েছে। তবে কালাম আত্নগোপনে ছিল।#