
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ১৫নং লোহানীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী (৫২) বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লোহানীপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের আমলীর ডাঙ্গা এলাকার মো: ইদ্রিস আলী ও মোঃ মতিউর রহমান দীর্ঘদিন ধরে সরলার বাজারের সরকারি জায়গায় ভাংড়ির দোকান ও হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন।
অভিযোগ মতে, বিবাদী মো: মোক্তারুল (৫৫), মো: রবিউল ইসলাম ভোসা (৫০), মো: সুজিয়ার রহমান (৫০), মো: সাবলু (২৫), মো: দুলাল (৪৫) ও মো: জয়নুল (৩০)-সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বাদীদের কাছে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাদের ব্যবসা করতে না দেওয়ার হুমকি প্রদান করে।
চাঁদাবাজিকে কেন্দ্র করে শুক্রবার সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠি, লোহার রড, দা, কুড়াল) নিয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দোকানে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা দোকানে থাকা দামী ভাংগাড়ি মালামাল লুট করে নিয়ে যায়।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে:
১টি পুরাতন বাইসাইকেল: আনুমানিক মূল্য ৬,০০০ টাকা
৪টি পুরাতন ভাংগাড়ি ভ্যান: আনুমানিক মূল্য ১৬,০০০ টাকা
২০ কেজি তামা: আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা
৩৫০ কেজি লোহা: আনুমানিক মূল্য ১৭,৫০০ টাকা
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, লুট হওয়া মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৬৯,৫০০ টাকা।
ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন, জিকরুল ও হাফিজুর রহমান জানান, ঘটনার সময় বিবাদীরা বাজারে এসে তাণ্ডব চালিয়ে প্রকাশ্যে মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবেগাপ্লুত হয়ে সাংবাদিকদের বলেন, “এখানে দেড় শতাধিক দোকানপাট রয়েছে। কারো দোকান না ভেঙে শুধু আমাদের দুজনের দোকান কেন ভাঙা হলো? আমরা চাঁদা দিতে রাজি না হওয়াতেই আমাদের ওপর এই তাণ্ডব চালানো হয়েছে। আমরা গরিব মানুষ, এই দোকানই আমাদের রুটি-রুজির একমাত্র সম্বল।”
অভিযোগের বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#