
মোঃ শহিদুল ইসলাম, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৪৪ দিনব্যাপী আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র এবং ভাতার অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সনদপত্র ও ভাতার অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
জানা যায়, প্রশিক্ষণ চলাকালে প্রতি শিক্ষার্থীকে দৈনিক ২০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। দীর্ঘ ৪৪ দিনের প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্ন করায় প্রত্যেক শিক্ষার্থীকে মোট ৮ হাজার ৮০০ টাকা করে ভাতা দেওয়া হয়। সে হিসেবে ৪০ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৩ লাখ ৫২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোঃ এমদাদ হোসেন ও দানেশ আলী। তাঁরা প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীদের কম্পিউটার পরিচালনা, সফটওয়্যারের ব্যবহার ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর কাজ হাতে-কলমে শিক্ষা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্থানীয় সুধীজন মোঃ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, “বর্তমান যুগে আইসিটি শিক্ষা ও ডিজিটাল দক্ষতা ছাড়া কর্মসংস্থান চিন্তা করা অসম্ভব। পোরশার মতো প্রত্যন্ত অঞ্চলে তরুণেরা যাতে ফ্রিল্যান্সিং, সরকারি-বেসরকারি চাকরি এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে—সেই লক্ষ্যে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে পোরশার তরুণরা আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পাবে এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করেন পোরশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও দাপ্তরিক সহায়তা প্রদান করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ কামরুজ্জামান সরকার এবং অফিস সহায়ক মোঃ জিয়াউর রহমান।#