
মোঃ কামরুজ্জামান সরকার বাবু (পোরশা, নওগাঁ): নওগাঁর পোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ পিস ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব ডেঙ্গু কিট প্রদান করা হয়।
অনুষ্ঠানে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দীনের হাতে এসব ডেঙ্গু টেস্ট কিট তুলে দেন।
কিট হস্তান্তরকালে ইউএনও মোঃ রাকিবুল ইসলাম জানান, “স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর নির্ভুল ডায়াগনস্টিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা যায়, এর মাধ্যমে পোরশায় ডেঙ্গু রোগী দ্রুত সনাক্তকরণ ও তাদের চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।”
উক্ত কিট হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#