
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে মোট ১ লাখ ৪০ হাজার (এক লাখ চল্লিশ হাজার) টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এবং পৌর নায়েবে আমীর মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার দুস্থ ও অসুস্থ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায়, দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিরা।#