
মোঃ কামাল হোসেন প্রধান (জেলা প্রতিনিধি, নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলায় ভীতিহীন ও নিরাপদ ওষুধ সেবা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ৩টি ফার্মেসিকে নগদ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও জব্দকৃত অবৈধ ওষুধ বিনষ্ট করা হয়।
সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
পরিদর্শনকালে ওষুধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের দায়ে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়:
মাষ্টার মেডিকেল হল
সেন ফার্মেসি
রতন মেডিকেল সেন্টার
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম করে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ওটিসি (OTC) বহির্ভূত ওষুধ বিক্রি করা হচ্ছিল। অপরাধ স্বীকার করায় তিন প্রতিষ্ঠানকে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা ও তা তৎক্ষণাৎ আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন নরসিংদীর ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা এবং শিবপুর মডেল থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ওষুধের সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং আইন প্রতিপালনে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

পৌরসভার জামতলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ:
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) শিবপুর পৌরসভার জামতলা এলাকায় সরকারি রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের পথ উন্মুক্ত করা হয়। শিবপুর উপজেলা প্রশাসন ও পৌরসভা জানায়, সরকারি পথ দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।#