আরাফাতুজ্জামান , নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ২২ (বাইশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রিপন পারভেজ (২৫), পিতা- মৃত আব্দুল হামিদ, মো. সেলিম রেজা (২৫), পিতা- মো. সোহরাব প্রামাণিক, উভয়ের বাড়ি তল্লা সর্বজান গ্রামে এবং শ্রী সুতেষ (৬০), পিতা- মৃত শিবা, গ্রামের বাড়ি সাতঘরা, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ এবং বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া চোলাই মদ জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিয়ামতপুর থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি কোনো ধরনের মাদকসংক্রান্ত তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।#







