
আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটা-সখিপুর প্রধান সড়ক সংলগ্ন সখিপুর কামটা গ্রামে রাতের আঁধারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় চোরের দল বসতঘরের চিলেকোঠার চালের অ্যালবেস্টার ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার রাতে ওই এলাকার বাসিন্দা মৃত নিমাই চন্দ্র মন্ডলের ছেলে অরবিন্দু মন্ডলের বাড়িতে এই চুরি হয়।
ভুক্তভোগী অরবিন্দু মন্ডল জানান, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মা সন্ধ্যা রানী মন্ডল (৮০) এবং স্ত্রী নির্মলা রানী মন্ডলকে ডাকলে তারা অস্বাভাবিক আচরণ করেন। পরে দেখা যায়, মায়ের হাতের ও কানের স্বর্ণালঙ্কার নেই এবং ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করা।
পরিস্থিতি বুঝে না উঠতে পেরে প্রথমে স্থানীয় চিকিৎসক সত্যপদ মজুমদারকে খবর দেওয়া হয়। তাঁর পরামর্শে অসুস্থ মা ও স্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বাড়িতে এসে সিঁড়ি ঘরের অ্যালবেস্টারের নাট খোলা ও ভাঙা অবস্থায় দেখতে পান অরবিন্দু।
তিনি আরও জানান, চোর চক্রটি আসবাবপত্রের ড্রয়ার ভেঙে নগদ আনুমানিক ৭৫ হাজার টাকা এবং ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের ওপর কোনো অচেতনকারী বস্তু প্রয়োগ করা হয়েছিল।
এলাকাজুড়ে আতঙ্ক ও প্রশাসনিক পদক্ষেপের দাবি
এই চুরির ঘটনার পর থেকে সখিপুর কামটা এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাতের বেলা চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নৈশ টহল (নাইট পেট্রোলিং) জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ দুইজন সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।#