
হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের সমাসপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের সমাসপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সমাসপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় তানোর থানা পুলিশ। পরে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের নির্দেশে এসআই উৎপল কুমার ও এএসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের সাত সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাসুদকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে তানোরের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিকভাবে তরুণদের সচেতন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।#