
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি নদীতে ডুবে দুই স্কুলশিক্ষার্থী ও এক দুবাই প্রবাসী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে দীর্ঘ পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানের পর এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পদ্মা ও মহানন্দা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে সদর উপজেলার আলীনগর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে টানা পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানের পর রিফাতের মরদেহ উদ্ধার করা হলেও রাসেলের সন্ধান এখনো মেলেনি।
অন্যদিকে প্রায় একই সময়ে মহানন্দা নদীর বারঘরিয়া রাবার ড্যাম এলাকায় বন্ধুদের সঙ্গে খেয়ালবশে খেও জাল দিয়ে মাছ ধরতে নামেন আজাইপুর আরামবাগ এলাকার দুবাই প্রবাসী মো. শাকিরুল (৩০)। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান এবং নিখোঁজ হন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম জানান, নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।#