1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে পুরস্কার বিতরণ ও গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভা

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

খুলনা ব্যুরো থেকে শহিদুল্লাহ আল আজাদ জানান, দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেইন গেট ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ খসরুল আলম এবং বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা ও ইউজিসি চেয়ারম্যানের বক্তব্য শোভাযাত্রা শেষে বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, “৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তা নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যাঁরা নানা ক্ষেত্রে অবদান রেখেছেন এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই উৎসবমুখর ও আনন্দঘন দিনে বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শুভদিনে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তেও আলো ছড়াচ্ছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতি, সামাজিক ও শিল্প সংযোগের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

সহশিক্ষা কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসকে প্রাণবন্ত রেখেছে। এ ক্ষেত্রে বিভিন্ন ক্লাব ও সংগঠনও জোরালো ভূমিকা পালন করছে। আগামীতে এসব ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে ইউজিসির পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।” এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এবং পাইকগাছা ক্যাম্পাসে কোস্টাল জোন ম্যানেজমেন্ট স্কুল অনুমোদনের ঘোষণা দেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, “খুলনা অঞ্চলের কৃষি, মৎস্য ও চিংড়িসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা রাখে। এসব খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আরও বেশি প্রায়োগিক গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করছি।”

দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “দেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার ‘এক কোটি হাই ভ্যালু জব’ সৃষ্টির পরিকল্পনা করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে নলেজ বেজড ইকোনমি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের শক্তি। তাঁদের মানসম্পন্নভাবে গড়ে তুলতে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে যেসব শিক্ষার্থী উদ্ভাবক হতে চায়, তাদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে হবে।”

Open photo 3

বিশেষ অতিথি ও সম্মাননা প্রদান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ খসরুল আলম।

অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয়: অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা’ শীর্ষক উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।

সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ মতিউর রহমান ও কানিজা ফাতিমা খুশি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে গত বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাশাপাশি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরে দিবসটি উপলক্ষ্যে কেক কাটা হয়। অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এ ছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সব মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট