
শহিদুল্লাহ্ আল আজাদ (স্টাফ রিপোর্টার):
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ০১ ব্যাচের রজত জয়ন্তী (২৫ বছর পূর্তি) উদযাপিত হয়েছে। কেইউ—০১ অ্যালামনাই নেটওয়ার্কের উদ্যোগে ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার পূর্বে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপাচার্য ক্যাম্পাস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আজকের দিনটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই ক্যাম্পাস হাজারো তরুণের স্বপ্নকে বাস্তবে রূপ দান করে। এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাইদের একটি বিস্তৃত ও শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “অ্যালামনাইরা বিভিন্ন সম্মানজনক ক্ষেত্রে কাজ করে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে সমৃদ্ধ করছেন এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।” সফলভাবে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। কেইউ—০১ অ্যালামনাই নেটওয়ার্কের পক্ষে সভাপতি মোঃ মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক সুব্রত গুহ বক্তব্য দেন। দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও ০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. মোঃ আশিকুর রহমান এবং সাবরিনা আফতাব যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে কেইউ—০১ অ্যালামনাই নেটওয়ার্কের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বিশেষ উপহার প্রদান ও স্মারক কেক কাটা হয়।
দিনব্যাপী নানা বর্ণিল কর্মসূচির মধ্যে আরও ছিল প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জুম্মা মিলাদ মাহফিল, বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যায় সুন্দরবনের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণ।#