
মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গুঠইল (জামাইপাড়া) এলাকার জরাজীর্ণ সড়কের কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে স্থানটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি সড়কটি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার সার্ভেয়ার মোঃ আরিফুল ইসলাম। তাঁরা সড়কটির বর্তমান বেহাল অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা শুনেন।
এ সময় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও খানাখন্দ তৈরি হওয়ায় যানবাহন ও পথচারী যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সড়ক পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ নিরসনে সড়কটির সংস্কারকাজ দ্রুত শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হবে।#