
মির্জাপুরে ট্রান্সফরমার চুরি বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে একটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে একের পর এক ১২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মহেড়া ইউনিয়নের উত্তর আদাবাড়ি, গবড়া ও ভাতকুড়া গ্রামে গত শুক্রবার ও রবিবার রাতে এসব চুরির ঘটনা ঘটে। এতে আসন্ন ইরি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি মো. সাইফুল ইসলাম শান্ত জানান, স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ও রবিবার রাতে সংঘবদ্ধ চোরের দল মহেড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপিত কৃষিকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন গবড়া গ্রামের শাহেদ আলী, ভাতকুড়া গ্রামের হাসমত এবং উত্তর আদাবাড়ি গ্রামের জাহিদ, সাইদুল নবীনসহ আরও কয়েকজন। এর মধ্যে গবড়া গ্রামের শাহেদ আলীর একাই তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে।
ইরি-বোরো মৌসুমের সেচ নিয়ে কৃষকদের দুশ্চিন্তা এলাকায় পরপর এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামনেই ইরি-বোরো মৌসুম। এ সময়ে জমিতে সেচের জন্য বিদ্যুতের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। ট্রান্সফরমার চুরি হওয়ায় সময়মতো নতুন ট্রান্সফরমার স্থাপন ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ বলেন, “তিন দিনের ব্যবধানে এভাবে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকার কৃষকেরা চরম উদ্বিগ্ন। সামনে ইরি মৌসুম। এ অবস্থায় সেচের পানি পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ট্রান্সফরমারের স্থলে নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানাচ্ছি।”
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য ও থানায় জিডি টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তাঁরাও উদ্বিগ্ন। এ ঘটনায় মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত চুরি হওয়া ট্রান্সফরমারগুলো প্রতিস্থাপন এবং রাতে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার এলাকায় নজরদারি বাড়ানো হোক। একই সঙ্গে মির্জাপুরে ট্রান্সফরমার চুরি রোধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তাঁরা।#