
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টা ১৫ মিনিটে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে বলে তারা মন্তব্য করেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং গণপ্রতিরোধ গড়ে তোলা জরুরি। অন্যায়, সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম. মামুন শাহীন, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাস-নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।#