1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে | রাষ্ট্র, আইন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে?

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে শীর্ষক কলাম ও বিশ্লেষণ

পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে—আজকের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এই প্রশ্নটি যখন সামনে আসে, তখন তা কেবল কৌতূহল বা বিদ্রূপের বিষয় থাকে না; বরং রাষ্ট্রচিন্তা, প্রাতিষ্ঠানিক মর্যাদা ও ভবিষ্যৎ নেতৃত্বের সংকট নিয়ে গভীর উদ্বেগের জন্ম দেয়। চারদিকে তাকিয়ে দেখলে সর্বত্রই হতাশা, উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। আমরা কী চেয়েছিলাম, আর কী পেলাম—এই হিসাব মেলাতে গিয়ে অনেক সাধারণ মানুষ আজ বিভ্রান্ত ও ক্ষুব্ধ। সমাজ ও রাষ্ট্রে যেন সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে; যা ছিল, তা-ও অনেক ক্ষেত্রে ভারসাম্য হারিয়েছে। প্রত্যাশিত সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের বদলে কাজের চেয়ে অকাজের পরিমাণই যেন বেশি চোখে পড়ছে। একটি দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট ও লুটেরা শক্তির অবসান ঘটাতে গিয়ে শহর থেকে গ্রাম পর্যন্ত হাজারো নতুন লুটেরার সৃষ্টি হওয়ার প্রবণতা আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

কোনো সৃষ্টিশীল কর্ম, আদর্শিক কাঠামো কিংবা টেকসই নেতৃত্ব একদিনে গড়ে ওঠে না। এর পেছনে প্রয়োজন হয় নিরন্তর শ্রম, দীর্ঘদিনের সাধনা, আত্মত্যাগ এবং বাস্তব অভিজ্ঞতার সুদীর্ঘ পথচলা। অথচ আজকের বাস্তবতায় দেখা যায়, কোনো প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, রাষ্ট্রীয় নীতিবোধ কিংবা জনকল্যাণমুখী সুস্পষ্ট রূপরেখা ছাড়াই অনেকেই বড় বড় স্বপ্ন দেখছেন। এবার সরাসরি বলি, আপনি যদি যোগ্যতা ও দূরদর্শিতার দিক থেকে পিছিয়ে থাকেন, তবু যদি কেবল পার্লামেন্টের মেম্বার হওয়ার খায়েস জাগে এবং হঠাৎ হাতে দুটো পয়সা আসে, তবে সেই আকাঙ্ক্ষা কতটা যুক্তিসংগত? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা সহজ। স্বপ্ন দেখা নিশ্চয়ই খারাপ নয়; মানুষ স্বপ্ন দেখেই এগোয়। কিন্তু চোখ বন্ধ করে, কর্মবিমুখ হয়ে, ঘুমিয়ে স্বপ্ন দেখা কখনোই কল্যাণকর হতে পারে না। সত্যিকারের স্বপ্ন পূরণ করতে হলে সেই স্বপ্নের পিছে নিরন্তর ছুটতে হয়, অধ্যবসায় ধরে রাখতে হয় এবং কঠিন প্রচেষ্টা চালাতে হয়।

আইনসভা ও জনপ্রতিনিধির ন্যূনতম যোগ্যতা

বিষয়টিকে একটু গভীরভাবে বোঝার জন্য যুক্তির খাতিরে ধরে নেওয়া যাক, কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের সম্মুখ যুদ্ধের দামামা বেজে উঠেছে। এমন চরম সংকটময় ও অস্তিত্বগত মুহূর্তে রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে কে? এক কথায় এর উত্তর হলো পার্লামেন্ট, অর্থাৎ জাতীয় আইনসভা। যুদ্ধের ঘোষণা, প্রতিরক্ষা কৌশল, আন্তর্জাতিক কূটনীতি, জরুরি আইন প্রণয়ন কিংবা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার মতো সংবেদনশীল বিষয়গুলোতে আইনসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে আবেগ নয়, বরং গভীর প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রয়োজন হয়। তাহলে এমন একটি সর্বোচ্চ নীতি-নির্ধারণী ও আইনপ্রণেতা প্রতিষ্ঠানে কাদের সদস্য হওয়া উচিত, তা নিয়ে আমাদের গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন।

একটি দেশের আইনসভার সদস্য হতে গেলে অবশ্যই ন্যূনতম যোগ্যতা, জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োজন রয়েছে। কেবল দু’কলম পুঁথিগত বিদ্যা অর্জন করলেই কি একজন আদর্শ আইনপ্রণেতা হওয়া যায়? নিশ্চয়ই নয়। একজন জনপ্রতিনিধির মধ্যে থাকতে হবে বুদ্ধিবৃত্তিক গভীরতা, রাষ্ট্রীয় ও আইনি বিষয়ে প্রাথমিক উপলব্ধি এবং দায়িত্বশীলতা, যাকে আমরা সহজ কথায় ‘ইন্টেলিকচুয়াল প্রপার্টি’ বা বুদ্ধিবৃত্তিক পুঁজি বলতে পারি। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, আজ যেন সবাই এমপি হতে চায়। একটু খোঁজ নিয়ে দেখলে অনেক সম্ভাব্য প্রার্থীর ঘরে একটি বাংলাদেশ সংবিধানের কপিও পাওয়া যাবে না; নেই বিশ্বের অন্য কোনো দেশের সংবিধান বা সংসদীয় রীতিনীতি সম্পর্কে ন্যূনতম পড়াশোনা।

আমাদের সমাজে দীর্ঘদিন ধরে এমপিদের দায়িত্ব নিয়েও এক ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। রাস্তাঘাট নির্মাণ, কালভার্ট মেরামত বা স্থানীয় অবকাঠামো উন্নয়ন করা মূলত স্থানীয় সরকার ও প্রশাসনের কাজের অংশ; এটি এমপি সাহেবদের প্রাথমিক বা একমাত্র কাজ নয়। এমপি সাহেবদের মূল দায়িত্ব হচ্ছে দেশের প্রয়োজন অনুযায়ী যুগোপযোগী আইন প্রণয়ন করা, বিদ্যমান আইনের পর্যালোচনা করা, জাতীয় বাজেট ও জনস্বার্থসংশ্লিষ্ট নীতিমালায় মতামত দেওয়া এবং সেগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেজন্য প্রশাসনিক দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনা ও প্রতিপালন নিশ্চিত করা। যে ব্যক্তি আইন প্রণয়নের মৌলিক কাঠামোই বোঝেন না, তিনি কীভাবে একটি রাষ্ট্রের ভবিষ্যৎ আইন তৈরিতে ভূমিকা রাখবেন?

হিরো আলম কিংবা কথিত কোনো রিকশাচালক—তাঁদের প্রতি ব্যক্তিগতভাবে বা পেশাগতভাবে মোটেই অবজ্ঞা করছি না। শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, তাঁদের ঘামে সমাজের অনেক কাজ এগোয়। কিন্তু রাষ্ট্রীয় আইনসভায় প্রতিনিধিত্ব করার প্রসঙ্গ এলে তাঁদের যোগ্যতা, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও নীতিনির্ধারণী সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। তাঁদের হাতে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জটিল আইন প্রণয়নের মতো বিষয় কতটা নিরাপদ ও সুসংহত থাকবে, তা নিয়ে সিরিয়াসভাবে ভাবার অবকাশ রয়েছে। পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি এমন কেউ নমিনেশন উত্তোলন করেন বা প্রার্থী হওয়ার দৌড়ে নামেন, তবে সচেতন নাগরিকের চোখে তা কি হাস্যকর বা অসংগত মনে হয় না? এটি জাতির জন্য কতটুকু শুভকর হবে? সমাজ ও রাষ্ট্রের জন্য তাঁদের কী কী সৃষ্টিশীল কর্ম রয়েছে, যে কর্মের ভিত্তিতে তাঁরা জাতিকে আগামীর প্রত্যাশায় এগিয়ে নিয়ে যাবেন?

সংস্কার, বাস্তবতা ও ভবিষ্যৎ ভাবনা

কেউ যদি যুক্তি দেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় সবারই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে, তবে সেই অধিকারের নীতিগত দিকটি মেনে নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, কেবল কাগজে-কলমে অধিকার থাকলেই কি যোগ্যতা ও নৈতিকতার প্রশ্নটি গৌণ হয়ে যায়? ৫ আগস্টের পর বাংলাদেশে রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে কাঙ্ক্ষিত মাত্রায় কী কোনো প্রকৃত সংস্কার হয়েছে? বাস্তবতা পর্যবেক্ষণ করলে দেখা যায়, কাঙ্ক্ষিত সংস্কার তো দূরের কথা, বরং নতুন করে এক ঝাঁক দুর্নীতিবাজ তৈরি হয়েছে। সমাজে ও প্রশাসনে দুর্বৃত্তায়নের নতুন রূপ দেখা যাচ্ছে, যেখানে স্বল্প সময়েই অনেকে অবৈধ পথে টাকার পাহাড় গড়ে তুলেছেন।

সংবিধানের মৌলিক জায়গায় কি কোনো অর্থবহ পরিবর্তন এসেছে? আসেনি। এখনো আমাদের সংবিধানে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ শব্দবন্ধ রয়েছে, যার আক্ষরিক ও ঐতিহাসিক বিশ্লেষণে অনেক সময় সমালোচকরা বলেন, এখানে নাগরিকের চেয়ে শাসক বা প্রজার ওপরে রাজার মতো মানসিকতা কাজ করে। তাহলে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা বাস্তবে কতটুকু নিশ্চিত হলো? পুরোনো সেই পরিবারতন্ত্র ও এক ধরনের রাজতান্ত্রিক মানসিকতা আজও নানাভাবে চলমান রয়ে গেছে।

আরও বিস্ময়কর ও পরিতাপের বিষয় হলো, যিনি ইংরেজিতে ‘পার্লামেন্ট’ বানানটি পর্যন্ত সঠিকভাবে লিখতে পারেন না, কিংবা দেখেও শুদ্ধভাবে বলতে পারেন না, তিনিও আজ এমপি ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন! এমন দৃশ্য দেখলে পাগলেরও হাসি পাওয়ার কথা। দীর্ঘ জীবনে সমাজ ও রাজনীতির অনেক উত্থান-পতন দেখেছি; জ্ঞানী, গুণী ও অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আসার সুযোগও পেয়েছি। তাঁদের চিন্তা, বিনয় ও রাষ্ট্রচিন্তার গভীরতা দেখে মনে হয়েছে, আইনসভা হলো একটি অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।

যোগ্য ও গুণী মানুষের জায়গায় এখানে হিরো আলম কিংবা কোনো রিকশাচালককে সামনে এনে বা প্রার্থী বানিয়ে গুণীজনদের আর অপমানিত ও বেইজ্জতি করবেন না। কারণ যাঁরা সত্যিকার অর্থে জ্ঞানী ও গুণী, যাঁদের মেধা, সততা ও দূরদর্শিতা রাষ্ট্রকে সমৃদ্ধ করতে পারে, তাঁরা আজকের এই অস্থির ও কুরুচিপূর্ণ রাজনৈতিক পরিবেশে আর আসতে চান না। তাঁরা বরং নিজেদের মতো করে কিছু সৃষ্টিশীল কর্ম, গবেষণা, শিক্ষা বা পেশাগত কাজের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনো লুটেরা, অযোগ্য বা সুযোগসন্ধানী গোষ্ঠীর হাতে জাতি আর জিম্মি হতে চায় না।

আজকের এই সংকটকালে দেখা যাচ্ছে, যে যেভাবে পারছে, সে সেইভাবে সুযোগ বুঝে লুটেপুটে খাচ্ছে। মুখে মুখে দেশপ্রেমের বুলি আওড়ালেও বাস্তবে লুটপাট ও স্বার্থসিদ্ধিতে অনেকেই সবার আগে। রাষ্ট্রের এই করুণ পরিণতি ও নীতিহীনতার বিস্তার দেখলে যেকোনো বিবেকবান মানুষেরই হৃদয় ভেঙে যায়; গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলতে হয়—হায় রে সোনার বাংলাদেশ!

৥ লেখক: অ্যাড. এম. মাফতুন আহমেদ

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট