
স্টাফ রিপোর্টার: েরাজশাহীর বাগমারায় আনন্দঘন পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার একডালা নমির উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্থানীয় একডালা যুব সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ফাইনালে মুখোমুখি হয় তাহেরপুর একাদশ বনাম একডালা একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে একডালা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাহেরপুর একাদশ। মাঠজুড়ে উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
পুরস্কার বিতরণ ও অতিথি উপস্থিতি:
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন মুহুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মুকুল, জসীমউদ্দিন, নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি পারভেজ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#