
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল মজুদের অভিযোগে তিন ওষুধ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
অভিযানের সময় ওষুধ বিক্রির নিয়ম লঙ্ঘন, বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখা এবং চিকিৎসকদের জন্য নির্দিষ্ট ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে এন্টিবায়োটিক বিক্রির রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, জনস্বার্থে কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করা যাবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বাজারে নিরাপদ ওষুধ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।#