
নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪ নভেম্বর ২০২৬ ইং, মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি খুব গর্বিত অনুভব করছি। আমাদের কোমলমতি শিশুদের খুব কাছাকাছি আসার সুযোগ পেলাম। আজকের এই আয়োজনে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখে ভালো লাগছে—নারীরা এখন আর শিক্ষায় পিছিয়ে নেই। গ্রামের মেয়েদের নিয়ে বা অভিভাবকদের মনে যে ধারণা থাকে যে ‘মেয়েরা আর কতটুকু লেখাপড়া করবে’, আমাদের সেই ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ছেলেমেয়ে সবারই সমান অধিকার রয়েছে। আমরাও তোমাদের মতো গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, স্বপ্ন নিয়ে এগিয়েছি। তোমাদেরকেও স্বপ্ন নিয়ে ভালোভাবে লেখাপড়া করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। তিনি বলেন, “আমরা অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করি ও বিভিন্ন জায়গায় যাই, তবে কিছু অনুষ্ঠান আছে যা খুব ভালো লাগে। তোমাদের ভালো রেজাল্ট করার দরকার আছে। আজ এখানে যারা ভালো ফলাফল করেছ, তা একদিনে হয়নি। এর পেছনে রয়েছে অনেক অধ্যাবসায়, পরিশ্রম ও নিয়মিত পড়াশোনা—তারপরই তোমরা এই সাফল্য অর্জন করেছ।”
নরসিংদী প্রতিনিধি: