
জি. এম. আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করা এবং মাঠের পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলমের শুভেচ্ছা ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কৈখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্যান্য প্রার্থীদের মতো গাজী শাহ আলমও শুভেচ্ছা ব্যানার টানান। তবে ২২ অক্টোবর রাতে একদল দুষ্কৃতকারী কৈখালীর ঝাঁদার বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে থাকা গাজী শাহ আলমের ব্যানারটি কেটে ফেলে। অথচ একই স্থানে টানানো অন্যান্য প্রার্থীদের ব্যানারে কোনো হাত দেওয়া হয়নি।
ঝাঁদার বাজারের স্থানীয় ব্যবসায়ী সুজন ইসলাম জানান, “গত রাতে খেলা দেখে বাড়ি ফেরার সময় ব্যানারটি অক্ষত দেখেছি। সকালে এসে দেখি শাহ আলম ভাইয়ের ব্যানার কেটে নষ্ট করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল শান্ত এলাকাকে অশান্ত করার জন্য এমন জঘন্য কাজ করেছে।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউনিয়ন যুবদলের সদস্য মো. আলমগীর হোসেন বলেন, “অন্যদের ব্যানার অক্ষত রেখে কেবল শাহ আলম ভাইয়ের ব্যানার নষ্ট করা অত্যন্ত দুঃখজনক।”
কৈখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহবুব আজাদ খোকন বলেন, “গাজী শাহ আলমের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এবং এলাকায় বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে বিএনপি নেতা গাজী শাহ আলম জানান, ঘটনার সাথে জড়িতদের তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি ইতোমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দীন বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।#