
রাহাত ইসলাম ফাহাদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সৌদি আরব থেকে দেশে ফেরার মাত্র এক মাসের মাথায় টাঙ্গাইলের সখীপুরে সাগর নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত সাগর টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি খন্দকারপাড়া ঘোড়া মার্কেট এলাকার প্রবাসী জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারের সচ্ছলতা ও স্বপ্ন পূরণের আশায় তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তবে সম্প্রতি পুলিশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খাওয়া-দাওয়া শেষে সাগর নিজের রুমে ঘুমাতে যান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাঁর ঘরের কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজনের মনে সন্দেহের দানা বাঁধে। পরে খোঁজ নিয়ে তাঁর রহস্যজনক মৃত্যুর বিষয়টি সামনে আসে।

প্রবাসজীবনের অনিশ্চয়তা, হঠাৎ দেশে ফিরে আসার ধাক্কা এবং মানসিক চাপ—সব মিলিয়ে এক উদীয়মান যুবকের এমন আকস্মিক ও করুণ পরিণতিতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।#