
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করেছেন উল্লেখ করে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। এ দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।”
মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী, তুমলিয়া ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তবে এমপি মিলন বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে সংঘাত, হানাহানি ও হিংসা-বিদ্বেষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিন যেকোনো বিপদ-আপদে আমাকে আপনারা পাশে পাবেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. নুরুল করিম ভূঁইয়া: জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
মিজ মিনারা নাজমীন: যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মোঃ সোহেল রানা: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
রকিবুল হাসান: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান।
পূজা উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আর্চার্য, কালীগঞ্জ কালীবাড়ি পূজামণ্ডপের সভাপতি নিরঞ্জন চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাস। এছাড়া নাগরী ও তুমলিয়া ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#