
মোমিনুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্য রক্ষায় চক প্রধান ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আইপাস (Ipas) প্রকল্পের সহযোগিতায় ও ‘সামস্’-এর উদ্যোগে উপকূলীয় এলাকার আদিবাসী প্রতিনিধি ও চক প্রধানদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চক প্রধান সুপদ মুন্ডার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, কো-অর্ডিনেটর রামপ্রসাদ মুন্ডাসহ শ্যামনগর উপকূলীয় অঞ্চলের বিভিন্ন আদিবাসী চক ও গ্রাম পঞ্চায়েতের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ভৌগোলিক বিপর্যয় ও আধুনিকতার ছোঁয়ায় উপকূলীয় আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজস্ব ভাষা ও স্বকীয় পরিচয় টিকিয়ে রাখতে সর্বস্তরের আদিবাসী সম্প্রদায়কে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তারা।