
বিশেষ প্রতিনিধি: চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
তিনি আরও জানান, একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ঘিরে ১১৮টি এবং বর্তমান সরকারকে লক্ষ্য করে ৪৫১টি বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। একটি তথ্য যাচাইকারী (ফ্যাক্ট-চেকিং) প্রতিষ্ঠানের প্রতিবেদনের সূত্রে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংগঠনটির ‘নতুন সদস্য বরণ অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহীদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।
বক্তব্যে প্রেস সচিব বলেন, “বর্তমান সময়ে অপতথ্য ও গুজব সাংবাদিকতার পেশাদারিত্বের সামনে এক বড় সংকট তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিত্তিহীন সংবাদ ছড়ালেও সাধারণ মানুষ এখনো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করতে প্রতিষ্ঠিত গণমাধ্যমের ওপরই আস্থা রাখছেন।”
তিনি উল্লেখ করেন, অপতথ্য রোধে মূলধারার প্রতিটি গণমাধ্যমে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিটের নিবেদিত তথ্য-যাচাইমূলক (ফ্যাক্ট-চেক) অনুষ্ঠান প্রচার করা দরকার। একই সঙ্গে কোনো ছবি বা ভিডিও প্রচারের আগে সেটির সঠিকতা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
তথ্য প্রযুক্তি ও আইনি সুরক্ষার বিষয়ে সালেহ শিবলী বলেন, গুজব ঠেকানোর উদ্দেশ্যে যে আইনি পদক্ষেপই নেওয়া হোক না কেন, তা যেন কোনোভাবেই সংবাদপত্রের স্বাধীনতাকে সংকুচিত না করে। আইন তৈরির ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস যেন সত্য প্রকাশের পথে বাধা না হয়। সরকারের উন্নয়ন ও ভালো কাজের পাশাপাশি অনিয়ম-দুর্নীতির নিরপেক্ষ চিত্র তুলে ধরাই একজন গণমাধ্যমকর্মীর প্রকৃত দায়িত্ব।
ডিআরইউর ঐতিহ্য ও পারস্পরিক ঐক্যের প্রশংসা করে প্রেস সচিব নতুন সদস্যদের শুভেচ্ছা জানান এবং বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।#