
নিজস্ব সংবাদদাতা, রাজশাহী: বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) কর্মরত ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীসহ সর্বস্তরের কর্মচারীদের বিভিন্ন বিরাজমান সমস্যা নিরসনের লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর উদ্যোগে নগরীর সড়ক ভবন চত্বরে এই সভার আয়োজন করা হয়।
আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর সভাপতি মোঃ জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ কেএএম সাইফুর রহমান। এর আগে সভার সূচনাতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা আঞ্চলিক সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সড়ক সার্কেল, রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীদের ন্যায্য দাবি আদায় এবং ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের জোর দাবি জানান।#