
পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম বলেন, “কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর সাম্যবাদী চিন্তা, মানবতাবোধ ও দেশপ্রেমের অমিয় বাণী তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও আদর্শ চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “নজরুলের লেখনীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা।
আলোচনা সভা শেষে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথিরা।#