
সবুজনগর ডেস্ক: চীন ও রাশিয়া ইরানকে কোনো ধরনের সহায়তা করছে বলে বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানকে সাহায্য করলে বেইজিং ও মস্কোর অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে।
মার্কিন সেনাঘাঁটি ও বাহিনীর ওপর হামলায় চীন ও রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো ইরানকে তথ্য জুগিয়ে সহায়তা করছে— আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন ট্রাম্প।
খবর বার্তা সংস্থা এএফপির।
চীন ও রাশিয়ার ভূমিকা নিয়ে এক বার্তার জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “যদি তারা সহায়তা করেও থাকে, তবে তা খুবই সীমিত পর্যায়ে। তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা তা করছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা জারি করে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, “তাদের হারানোর মতো অনেক কিছু আছে। আর আমরা বিষয়টির সত্যতা খুব দ্রুতই জানতে পারব!”
এর আগে গত জুলাই মাসেও ট্রাম্প মন্তব্য করেছিলেন, চীন ও রাশিয়া ইরানের কাছে ভারী অস্ত্র বিক্রি করছে বলে তিনি মনে করেন না। তবে পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, দেশ দুটি যদি এমন পদক্ষেপ নেয়, তবে তা তাদের জন্য অত্যন্ত নেতিবাচক পরিণতি বয়ে আনবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক মিত্র দেশগুলোর তুলনায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পকে প্রায়শই কিছুটা নমনীয় মনোভাব প্রদর্শন করতে দেখা গেছে। তিনি বিশ্বমঞ্চে বিশ্বশক্তির নেতা হিসেবে তাদের সম্মান প্রাপ্য বলেও ইতিপূর্বে মতামত ব্যক্ত করেছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।#