
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গাছের কাঠ পুড়িয়ে ইট তৈরি করা সকল ইটভাটা পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. সাইমুম পারভেজ বলেন, “যেসব ভাটায় গাছের কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়, সে সমস্ত ইটভাটা বন্ধ করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব ইটভাটা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে এবং ঐতিহ্যবাহী ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কনক্রিট ব্লকের আওতায় আনা হবে। এতে একদিকে যেমন ভবন আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকবে।”
প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও হুঁশিয়ারি দেন, “যদি প্রশাসনের কোনো অসাধু চক্র কিংবা প্রভাবশালী মহল বেআইনিভাবে এসব কাঠ পোড়ানো ইটভাটা চালু রাখার বা পুনরায় চালুর পাঁয়তারা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভবন উদ্বোধন ও আলোচনা সভা শেষে কলেজ চত্বরে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাকিমুল হাসান সিদ্দিকী এবং কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#