
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম।
বিআরডিবি কর্মকর্তা শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহাদাৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
২৭৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ ও পাইলটিং উদ্বোধন:
প্রেস কনফারেন্সে জানানো হয়, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৭৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পাইলটিং হিসেবে তথ্য সংগ্রহের উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।
অর্থ লেনদেনে কঠোর ব্যবস্থা:
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ফ্যামিলি কার্ড তৈরি করতে কোনো ধরনের অর্থ লাগে না। কেউ যদি অর্থ লেনদেনসহ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।#